লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে ভয়াবহ দুর্ঘটনা! টানেল ২০-এর ভিতরে লাইনচ্যুত ট্যাঙ্ক ওয়াগন, একাধিক ট্রেন বাতিল ও সংক্ষিপ্ত যাত্রা সমাপ্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের অন্তর্গত লামডিং-বদরপুর সিঙ্গল লাইন বিদ্যুতায়িত পাহাড়ি রেলপথে বড়সড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। টানেল নম্বর ২০-এর ভিতরে একটি মালগাড়ির ট্যাঙ্ক ওয়াগন লাইনচ্যুত হওয়ায় রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই ঘটনার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল, সংক্ষিপ্ত যাত্রা সমাপ্ত এবং আংশিকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৭ নভেম্বর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বদরপুর (BXK) থেকে রওনা হওয়া মালগাড়ির ১৫তম ওয়াগনের চারটি চাকাই ১৩৭/৩-৪ কিলোমিটার পিলারের কাছে, টানেল নম্বর ২০-এর মধ্যে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলটি বদরপুর ও DCA-র মধ্যবর্তী লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে অবস্থিত।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধার ও রেলপথ পুনরুদ্ধারের কাজে তৎপরতা শুরু করে রেল কর্তৃপক্ষ। রেলের বুলেটিনে জানানো হয়েছে, রাত ২টা ১২ মিনিট নাগাদ উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে, রাত ২টা ২০ মিনিট নাগাদ রেলপথ পুনরুদ্ধারের কাজ শুরু হয় বলে জানা গেছে।
এই দুর্ঘটনার সরাসরি প্রভাব পড়েছে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায়। বিশেষ করে আগরতলামুখী ও দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
বাতিল ও আংশিকভাবে প্রভাবিত ট্রেনের তালিকা:

1. ১২৫০৪ আগরতলা-সিলচর (AGTL-SMBV): ২৮ নভেম্বর সম্পূর্ণ বাতিল।

2. ১১৬৬৫ RKMP-আগরতলা: ২৬ নভেম্বর NHLG-তে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে এবং NHLG-আগরতলা অংশে আংশিক বাতিল।

3. ১৩১৭৩ শিয়ালদহ-সাব্রুম: ২৭ নভেম্বর লামডিংয়ে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে এবং লামডিং-সাব্রুম অংশে আংশিক বাতিল।

4.  ১৪০৩৮ নয়াদিল্লি-শিলচর: ২৬ নভেম্বর লামডিংয়ে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে এবং লামডিং-শিলচর অংশে আংশিক বাতিল।

5. ১৫৬৫০ NNGЕ-আগরতলা: ২৭ নভেম্বর NHLG-তে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে এবং NHLG-আগরতলা অংশে আংশিক বাতিল।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমস্ত সংবাদমাধ্যমের মাধ্যমে যাত্রীদের মধ্যে এই তথ্য ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি ICMS, Passenger Information System, IVRS এবং SMS-এর মাধ্যমে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার জেরে কখন স্বাভাবিক হবে পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষের তরফে পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ার কথা জানানো হলেও, রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় বুলেটিনে উল্লেখ করা হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*