সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ নভেম্বর ৷। নেশাগ্রস্ত অবস্থায় নিজের জন্মদাত্রী মা বাবাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের গলায় ফাঁস লাগালো বছর ৩০ এর এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার বাসিন্দা মদন দাসের ছেলে শংকর দাস (৩০) নিত্যদিনের মতো নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে নিজের জন্মদাত্রী মা বাবাকে মারধর করতো। শংকর মারধোর করে পিতা মদন দাস এবং মাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন বাড়িতে কেউ আর ছিলনা। বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে শংকর নিজের গলায় ফাঁস লাগায়।কথায় বলে কু-সন্তান হলেও কু-মাতা কখনোই হয় না। তাই মাকে মারলেও ছেলে বাড়িতে একা কি করছে তা দেখার জন্য পার্শ্ববর্তী বাড়ির এক যুবককে শঙ্করের ঘরে পাঠায়। তখন পার্শ্ববর্তী বাড়ির ঐ যুবক গিয়ে প্রত্যক্ষ করে শংকর তার নিজ ঘরে ঝুলছে। এই ঘটনা প্রত্যক্ষ করে সে চিৎকার চেচামেচি শুরু করে। তার চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা একত্রে জড়ো হয়। খবর যায় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।
