সুব্রত দাস, গন্ডাছড়া, ১৪ আগস্ট || ৭৮’তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা দেশ এবং রাজ্যের সাথে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটিকে স্মরণ করবে মহকুমাবাসী। এরজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে গন্ডাছড়া মহকুমা প্রশাসন। পাশাপাশি ৭৮’তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমার স্বনামধন্য আর্ট স্কুল হিসাবে পরিচিত একলব্য আর্ট স্কুলের উদ্যোগে ১৪ই আগস্ট, বুধবার মহকুমা সদরের দুর্গাবাড়ির নাট মন্দিরে কচিকাঁচাদের মধ্যে অনুষ্ঠিত হয় বসেআঁকো প্রতিযোগীতা।
এদিন এই বসেআঁকো প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ শিক্ষক সুবোধ সরকার, এলাকার প্রবিনা গীতা ঘোষ, আর্ট মাস্টার প্রজ্ঞান চাকমা, গন্ডাছড়া সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায় এবং একলব্য আর্ট স্কুলের কর্ণধার মনিন্দ্র সরকার। তাছাড়াও এইদিনের বসেআঁকো প্রতিযোগীতায় প্রায় দুই শতাধিক কচিকাঁচা অংশ গ্রহণ করে। প্রতিযোগীতা শেষে জয়ী ১ম, ২য় এবং ৩য় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। তাছাড়া শান্তনা পুরস্কারও তুলে দেওয়া হয় কয়েকজন শিল্পীকে। এই বসেআঁকো প্রতিযোগীতাকে কেন্দ্র করে ক্ষুদে শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
