বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর || ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টস্ (আইএফডব্লিউজে)-এর ১৩১তম জাতীয় পরিষদের অধিবেশনে অংশ নিতে রাজ্য ছেড়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশনের ১২-সদস্যের প্রতিনিধি দল। আগামী ১১ সেপ্টেম্বর থেকে রাজস্থানের যোধপুরে শুরু হবে তিনদিনব্যাপী এই গুরুত্বপূর্ণ অধিবেশন।
ত্রিপুরার কর্মরত সাংবাদিকদের বৃহত্তম সংগঠনের প্রতিনিধি দল বৃহস্পতিবার ভোরে রেলপথে যোধপুর পৌঁছাবে। অন্যদিকে, সংগঠনের সভাপতি বিজয় পাল আগামী বুধবার বিমানযোগে যোধপুরে যাবেন বলে জানা গেছে।
জাতীয় অধিবেশনে অংশগ্রহণ করে রাজ্যের প্রতিনিধিরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আর্থ-সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে জাতীয় সংগঠনের সহযোগিতা চাইবেন।
এই যোধপুরগামী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সুভাষ ঘোষ। দলের অন্যান্য সদস্যরা হলেন—দক্ষিণ ত্রিপুরার বিশ্বেশ্বর মজুমদার, বাপ্পী দাস ও রাহুল সাহা; গোমতী জেলার রাকেশ নন্দী ও সমর সাহা; সিপাহিজলার আশীষ মিয়াঁ; পশ্চিম জেলার রাকেশ সাহা ও সেবক দেব; উনকোটি জেলার দেবাশীষ দত্ত এবং উত্তর ত্রিপুরার আব্দুল হান্নান ও রাজকুমার দাস।
