গোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর || শনিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ কৈলাশহর গৌরনগরের ১৩২ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের চার নম্বর ফিডারে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ঘটনায় গুরুতরভাবে আহত হন দুই বিদ্যুৎ কর্মী—শংকর দেবনাথ ও দেবাশিস চন্দ্র দাস, দু’জনেই কৈলাশহরের বাসিন্দা।
আহতদের দ্রুত কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের আশঙ্কাজনক অবস্থার কারণে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে রেফার করেন। জানা গেছে, বিস্ফোরণের কারণ সাবস্টেশনের চার নম্বর ফিডারের মিডিয়াম অয়েল সার্কিট বেকার ব্লাস্ট হওয়া।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পাশাপাশি সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন ত্রিপুরা রাজ্যের যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং ৫৩-নম্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশ্বর আলী।
এদিকে, বিস্ফোরণের জেরে গৌরনগরসহ আশপাশের বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অকস্মাৎ এই বিস্ফোরণের ঘটনায় গোটা কৈলাশহর মহকুমায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
