আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || বাল্যবিবাহ নির্মূল এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত হলো এক সচেতনতামূলক কর্মসূচি। সমাজে নারীর সুরক্ষা, অধিকার ও সমঅধিকার প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মানীয় অতিথিবৃন্দ। পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বাল্যবিবাহের কুফল, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিভিন্ন দিক এবং তা রোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা সকল স্তরের মানুষকে সচেতন হয়ে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি সুস্থ, নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতার মতো সমস্যা নির্মূলে প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব বলে মত প্রকাশ করেন তাঁরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় পর্বে অংশগ্রহণ করেন।
