আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী || রাজধানী আগরতলা শহরের রামনগর ছয় নম্বর এলাকায় দিনদুপুরে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক ব্যবসায়ীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে বাইকে চেপে পালিয়ে যায় দুই অভিযুক্ত। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই যুবকের ছবি প্রকাশ্যে এনেছে পুলিশ।
জানা যায়, ঘটনাটি ঘটে ব্যস্ত সময়ে, যখন ব্যবসায়ী ব্যক্তি নিজ দোকানেই ছিলেন। সেই সময় হঠাৎই একটি মোটরবাইকে করে এসে দুই যুবক। দোকানে এক যুবক কিছু কেনার ছলে আসে, আরেক জন বাইকেই ছিলেন। মুহূর্তের মধ্যেই গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের ছবি প্রকাশ করে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
