১১ মাস পর প্রণামী বাক্স খোলা হল ত্রিপুরা সুন্দরী মন্দিরব, স্বর্ণ ও রূপার অলংকারে ভরল মাতাবাড়ির ভাণ্ডার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী || উদয়পুরের ঐতিহ্যবাহী মাতাবাড়ি তথা ৫১ পীঠের অন্যতম শক্তিক্ষেত্র ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রায় ১১ মাস পর খোলা হল প্রণামী বাক্স। মন্দির কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রণামী বাক্স খোলা ও গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়। দীর্ঘ সময় পর বাক্স খোলাকে ঘিরে স্বাভাবিকভাবেই ভক্তমহল ও স্থানীয়দের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়।
মন্দির সূত্রে জানা যায়, গত বছর ২৩শে মার্চ সর্বশেষ প্রণামী বাক্স খোলা হয়েছিল। এরপর টানা ১১ মাস পর পুনরায় বাক্স খোলা হলে এবারও বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার হয়। হিসাব অনুযায়ী, গত ১১ মাসে প্রণামী বাক্স থেকে পাওয়া গেছে ১ কেজি ৬৪৯ গ্রাম স্বর্ণালংকার এবং ৬ কেজি ৮২০ গ্রাম রূপার অলংকার। সংশ্লিষ্ট মহলের মতে, স্বল্প সময়ের ব্যবধানে এত পরিমাণ মূল্যবান দান জমা পড়া মন্দিরের প্রতি ভক্তদের অগাধ আস্থা ও বিশ্বাসেরই প্রমাণ।
উল্লেখ্য, এর আগে প্রায় তিন বছর পর একসঙ্গে প্রণামী বাক্স খোলা হয়েছিল। সেই সময় স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল ৪ কেজি ৬৭৪ গ্রাম এবং রূপার অলংকার ১৫ কেজি ৭৪৬ গ্রাম। দীর্ঘ তিন বছরের দান একত্রে জমা হওয়ায় স্বাভাবিকভাবেই সেই সময় পরিমাণ তুলনামূলক বেশি ছিল। তবে এবছর মাত্র ১১ মাসেই উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ ও রূপা জমা পড়ায় মন্দির কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
ত্রিপুরা সুন্দরী মন্দির উত্তর-পূর্ব ভারতের অন্যতম শ্রদ্ধেয় তীর্থক্ষেত্র। প্রতিবছর রাজ্য ও রাজ্যের বাইরে থেকে লক্ষাধিক ভক্ত মাতাবাড়িতে পুজো দিতে আসেন। ধর্মীয় ঐতিহ্য ও আস্থার কেন্দ্রবিন্দু এই শক্তিপীঠে ভক্তদের অব্যাহত দান ও সমাগম মন্দিরের গুরুত্ব ও জনপ্রিয়তারই প্রতিফলন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*