গোপাল সিং, খোয়াই, ১১ মার্চ || দীর্ঘদিনের একটি হত্যাকাণ্ড মামলার সফল তদন্তের মাধ্যমে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত হওয়ায় প্রশংসায় ভাসছেন পুলিশ আধিকারিক আশীষ সরকার। বর্তমানে তিনি কল্যানপুর থানার ওসি হিসেবে কর্মরত থাকলেও ঘটনার সময় তিনি তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, তেলিয়ামুড়া থানার মামলা নং ৬২/২০১১ (তারিখ ০৩ অক্টোবর ২০১১)-এর অধীনে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের হওয়া একটি হত্যাকাণ্ড মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অাশীষ সরকার। দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহের ভিত্তিতে মামলাটি আদালতে শক্তভাবে উপস্থাপন করা সম্ভব হয়।
গত ১০ মার্চ ২০২৬ তারিখে খোয়াই জেলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালত মামলার রায়ে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৈজ্ঞানিক প্রমাণ, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সহায়ক সাক্ষ্যপ্রমাণ দক্ষতার সঙ্গে সংগ্রহ করে তদন্তকে শক্তিশালী করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। এর ফলেই দীর্ঘদিনের এই মামলায় বিচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।
এই সাফল্যকে ত্রিপুরা পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সহকর্মী ও প্রশাসনিক মহলেও তদন্তকারী অফিসার আশীষ সরকারের এই দক্ষ তদন্তের জন্য তাকে অভিনন্দন জানানো হয়েছে।
