গোপাল সিং, খোয়াই, ১৮ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচন ২০২৬-এর ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনের কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তিপ্রামথা পার্টির শীর্ষ নেতৃত্ব। শনিবার আগরতলার মানিক্যকোর্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন তিপ্রামথা সুপ্রিমো মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মা।
এদিনের এই বিশেষ বৈঠকে নবনির্বাচিত জয়ী প্রার্থীরা যেমন উপস্থিত ছিলেন, তেমনই নির্বাচনে লড়াই করা পরাজিত প্রার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়ের উৎসবের চেয়েও জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ের লড়াইকে আরও সংহত করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রামথা পার্টির কেন্দ্রীয় সভাপতি বিজয় কুমার রাংখল, সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং নবনির্বাচিত মেম্বার অব কাউন্সিল বা এমডিসি-রা।
