জাতীয় ডেস্ক, নয়া দিল্লি, ১১ নভেম্বর || সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত। কোনও সরকারি কর্মী গ্রেফতারের পর টানা ৪৮ ঘণ্টার বেশি জেল বা বিচারবিভাগীয় হেফাজতে থাকলে, সংশ্লিষ্ট চাকরির বিধি অনুযায়ী তিনি স্বয়ংক্রিয়ভাবেই সাময়িক বরখাস্ত বা ‘ডিমড সাসপেনশন’-এর আওতায় চলে আসবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে পৃথকভাবে সাসপেনশন অর্ডার জারির প্রয়োজন নেই। সম্প্রতি এক মামলার শুনানিতে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
গত ৯ নভেম্বর বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ বিহারের একটি জামিন সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে। মামলার কেন্দ্রে ছিলেন বিহারের সমস্তিপুর সদর হাসপাতালের ম্যানেজার বিশ্বজিৎ সিংহ। এক চুক্তিভিত্তিক কর্মীর বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার বিনিময়ে ৪ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে প্রায় ১৫ দিন জেল হেফাজতে কাটাতে হয় তাঁকে।
মামলাটির শুনানির সময় সুপ্রিম কোর্টের নজরে আসে, জেল থেকে মুক্তি পাওয়ার পর অভিযুক্ত ওই আধিকারিককে পুনরায় আগের হাসপাতালেই একই পদে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত।
শীর্ষ আদালত স্পষ্ট জানায়, সংশ্লিষ্ট সার্ভিস রুলে এমন বিধান থাকলে ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় বা পুলিশি হেফাজতে থাকার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সরকারি কর্মীর ক্ষেত্রে ‘ডিমড সাসপেনশন’ কার্যকর হবে। অর্থাৎ, প্রশাসনের পক্ষ থেকে আলাদা কোনও বরখাস্তের নির্দেশ জারি না হলেও নিয়ম অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত বলেই গণ্য করতে হবে।
পাশাপাশি, ঘুষের অভিযোগে অভিযুক্ত ওই আধিকারিক কীভাবে পুনরায় একই পদে যোগ দেওয়ার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিহার সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালতের এই পর্যবেক্ষণ সরকারি কর্মীদের ক্ষেত্রে চাকরির বিধি যথাযথভাবে কার্যকর করা এবং প্রশাসনিক দায়িত্বশীলতা বজায় রাখার প্রশ্নে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই বিধান সংশ্লিষ্ট কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য সার্ভিস রুলের ওপর নির্ভরশীল।
