জনজাতি সমাজকে নিয়ে বিধায়ক তোফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যে তোলপাড় ত্রিপুরার রাজনীতি, তীব্র প্রতিবাদ প্রদ্যোৎ মানিক্যের, থানায় এফআইআর দায়ের TYF-এর

গোপাল সিং, খোয়াই, ১১ নভেম্বর || ত্রিপুরায় পুর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা যখন তুঙ্গে, ঠিক সেই সময় জনজাতি সমাজকে নিয়ে এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস ও ঐতিহ্যবাহী জীবনধারাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। বিধায়কের মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা। পাশাপাশি অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন (TYF)।
অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর রাতে সোনামুড়া মহকুমার তমসাবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিধায়ক তোফাজ্জল হোসেন জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর বক্তব্যে জনজাতি সমাজকে উদ্দেশ্য করে ‘তারা জন্মের পর থেকে শুয়োরের লগে ঘুমায়, শুয়োরের লগে খায়’—এমন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই জনজাতি সমাজের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকেও বিধায়কের এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের সুর ওঠে।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বুবাগ্রা প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজনীতিবিদ হোন কিংবা সোশ্যাল মিডিয়ায় মন্তব্যকারী—জনজাতি তিপ্রাসা সমাজের প্রতি এ ধরনের দৃষ্টিভঙ্গি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ক্ষমতায় কে রয়েছে বা কে নেই, তার ওপর নির্ভর করে জনজাতি সমাজের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস পরিবর্তিত হয় না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো মন্তব্যের জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান প্রদ্যোৎ।
অন্যদিকে, এই ঘটনায় আইনি পদক্ষেপের দাবিতে মঙ্গলবার, ১১ নভেম্বর পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন (TYF)। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মার পক্ষ থেকে দায়ের করা ওই অভিযোগে বিধায়কের মন্তব্যকে জাতিবিদ্বেষমূলক ও উসকানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত এবং তা সমাজে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।
অভিযোগপত্রে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ ও ৩৫২ ধারা এবং তপশিলি জাতি ও জনজাতি (নির্যাতন প্রতিরোধ) আইন, ১৯৮৯-এর সংশ্লিষ্ট ধারার উল্লেখ করে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করে ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।
সব মিলিয়ে, পুর নির্বাচনের আবহে শাসকদলের এক বিধায়কের বিরুদ্ধে ওঠা এই বিতর্কিত মন্তব্যের অভিযোগ ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। জনজাতি সমাজের সম্মান, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*