গোপাল সিং, খোয়াই, ১১ নভেম্বর || আসন্ন পুর পরিষদ নির্বাচনকে ঘিরে খোয়াই শহরের রাজনৈতিক পারদ তুঙ্গে; ১৫টি আসনেই প্রার্থী দিয়ে প্রতিদিন বাড়ি-বাড়ি জনসংযোগ, উঠান সভা ও সান্ধ্যকালীন স্কোয়াডিং মিছিলের মাধ্যমে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। খোয়াই পুর পরিষদের ৪ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন পুর চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মার সমর্থনে আজ সন্ধ্যায় এক সুবিশাল স্কোয়াডিং মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস। ৫ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সত্যব্রত বিশ্বাসের সমর্থনে আয়োজিত এক উদ্দীপনাপূর্ণ উঠান সভায় বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী অংশ নেন এবং বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। পাশাপাশি খোয়াই পৌর পরিষদের ৩ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী ঝর্না দেব বিশ্বাসের সমর্থনে আজ সকালে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস, বিজেপি নেতা প্রণব বিশ্বাস সহ অন্যান্যরা।
প্রতিটি ওয়ার্ডেই বুথভিত্তিক ধারাবাহিক সুসংগঠিত প্রচারের মাধ্যমে বিরোধীদের টেক্কা দিতে এবং সার্বিক জয় সুনিশ্চিত করতে মাঠে নেমেছেন শাসক দলের প্রার্থী ও শীর্ষ নেতৃবৃন্দ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, খোয়াই পুরসভা এলাকায় শাসক দলের এই বহুমুখী প্রচার অভিযান স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
