আমির শকিন হউক বা বিধায়ক ‘সবক শিখানা চাহিয়ে’: হুঁশিয়ারি প্রদ্যোতের, এবার ওয়াইটিএফ’র উদ্যোগেও বিধায়কের বিরুদ্ধে পশ্চিম থানায় এফআইআর

গোপাল সিং, খোয়াই, ১১ নভেম্বর || বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের জনজাতি সমাজকে নিয়ে করা অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ মানিক্য দেববর্মা হুশিয়ারি দিয়ে বলেছেন যে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আমির শকিন যেমন শুধু ‘সরি’ বলে রক্ষা পাননি, তেমনি বিধায়ক তোফাজ্জল হোসেনকেও ‘সবক শিখানা চাহিয়ে’। বিধায়কের এই তথাকথিত ক্ষমা প্রার্থনা আর কিছুই নয়, বরং কেবল অজুহাত এবং তাঁর আসল মানসিকতাকে ধামাচাপা দেওয়ার একটি দুর্বল ও ব্যর্থ প্রচেষ্টা মাত্র। গবাদি পশু পাচার থেকে শুরু করে জওয়ানদের ওপর আক্রমণ—এই ধরনের বেআইনি ও অনভিপ্রেত ঘটনা আর সহ্য করা যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন তিপ্রামথা প্রধান। আজ পশ্চিম আগরতলা থানায় বিধায়কের বিরুদ্ধে একটি পৃথক লিখিত এফআইআর দায়ের করেছেন তিপ্রামথা এবং ইয়ুথ তিপ্রা ফেডারেশনের (ওয়াইটিএফ) শীর্ষ নেতৃত্ব। এই যৌথ অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন এমডিসি ও টিএমপি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, এমডিসি ও ওয়াইটিএফ সভাপতি সুরাজ দেববর্মা, গোমতী জেলা সভাপতি সুজয় উছোই, সিপাহীজলা জেলা সভাপতি বাবলু দেববর্মা, টিআইএসএফ-এর আগরতলা আহ্বায়ক এবং বিধায়ক পাঠানলাল জমাতিয়া। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সোনামুড়ার তমসাবাড়িতে বিধায়ক তোফাজ্জল হোসেন জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস ও ঐতিহ্যকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিকর ও জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন, যা ভারতীয় ন্যায় সংহিতা-র অধীনে সরাসরি দণ্ডনীয় অপরাধ। ভিডিও প্রমাণের ভিত্তিতে অবিলম্বে অভিযুক্ত বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে জনজাতি অংশের নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*