আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || চুক্তিভিত্তিক নিয়োগ মানেই কর্তৃপক্ষের ইচ্ছামতো চাকরি থেকে ছাঁটাই করার অবাধ অধিকার নয়। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে কোনও কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হলে তার বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। এক গুরুত্বপূর্ণ মামলার রায়ে এমনই তাৎপর্যপূর্ণ বার্তা দিল ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আইটিডিসি প্রকল্পের প্রাক্তন প্রিন্সিপাল ইমপ্লিমেন্টিং অফিসার ড. রিমা সাহার দায়ের করা মামলায় তাঁর বরখাস্তের সিদ্ধান্তকে বেআইনি ও স্বেচ্ছাচারী বলে ঘোষণা করেছে আদালত। একই সঙ্গে তাঁকে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। চাকরি থেকে বিচ্ছিন্ন থাকার পুরো সময়ের বকেয়া বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের পাশাপাশি মামলার খরচ বাবদ ১৫ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
মামলার বিবরণ অনুযায়ী, আইটিডিসি প্রকল্পের অধীনে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত ছিলেন ড. রিমা সাহা। তাঁর আইনজীবী প্রবীণ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ আদালতে অভিযোগ করেন, কর্মক্ষেত্রে তাঁকে লিঙ্গবৈষম্যের সম্মুখীন হতে হয়েছিল। প্রকল্পের উচ্চপর্যায়ে একমাত্র মহিলা আধিকারিক হওয়া সত্ত্বেও তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি তৎকালীন প্রকল্প প্রধানের বিরুদ্ধে প্রকল্পকে ‘মহিলামুক্ত’ করার মনোভাব প্রকাশের অভিযোগও মামলায় উত্থাপন করা হয়।
মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল, ড. সাহাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার পর ওই পদে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়। অর্থাৎ, সংশ্লিষ্ট পদটি তুলে দেওয়া হয়নি, বরং একই পদে অন্য একজনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বিষয়টি বরখাস্তের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে।
প্রথম পর্যায়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আইনি লড়াই শুরু করেন ড. সাহা। সেখান থেকে প্রত্যাশিত প্রতিকার না পেয়ে পরবর্তীতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। মামলার সমস্ত নথি ও সংশ্লিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ জানায়, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বা চুক্তির মেয়াদ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের ক্ষমতা থাকলেও সেই ক্ষমতা খেয়ালখুশিমতো প্রয়োগ করা যায় না। একই পদে একজনকে সরিয়ে অন্য একজনকে নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্তের যথাযথ কারণ ও আইনি ভিত্তি থাকা জরুরি।
আদালতের নির্দেশে শুধু ড. রিমা সাহার বরখাস্তের সিদ্ধান্তই বাতিল হয়নি, তাঁর পরিবর্তে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়াও খারিজ করা হয়েছে। পাশাপাশি তাঁকে অবিলম্বে কাজে ফিরিয়ে নেওয়া এবং চাকরি থেকে দূরে থাকার সময়ের সম্পূর্ণ বকেয়া বেতন ও ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনি মহলের মতে, এই রায় চুক্তিভিত্তিক কর্মীদের কর্মসংস্থানের নিরাপত্তা এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে সরকারি প্রকল্প বা বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে কর্মরত কর্মীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের ক্ষমতা যে আইনের ঊর্ধ্বে নয়, সেই বিষয়টিই নতুন করে সামনে নিয়ে এল ত্রিপুরা হাইকোর্টের এই নির্দেশ।
আদালতের এই রায়ের তাৎপর্য হলো, নিয়োগ চুক্তিভিত্তিক হলেও কোনও কর্মীকে চাকরি থেকে সরানোর সিদ্ধান্ত হতে হবে আইনসম্মত, যুক্তিসংগত ও বৈষম্যহীন। প্রশাসনিক ক্ষমতার নামে স্বেচ্ছাচারিতা বরদাস্ত করা হবে না—এই বার্তাই উঠে এল ডিভিশন বেঞ্চের রায়ে।
