সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচন: EVM ও ভোটসামগ্রী বিতরণ সম্পন্ন, ১৩টি ভোটগ্রহণকারী টিমের রওনা

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৬ নভেম্বর || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে সাব্রুম নগর পঞ্চায়েতের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সাব্রুম মহকুমা শাসকের কার্যালয় থেকে EVM সহ ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ এই বিতরণ প্রক্রিয়া শেষ হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ১৩টি ভোটগ্রহণকারী দল প্রয়োজনীয় EVM ও ভোটসামগ্রী নিয়ে নিজ নিজ নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। সাব্রুম নগর পঞ্চায়েতের মোট ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটগ্রহণকারী দলের সঙ্গে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও পুলিশ।
এদিন ভোটসামগ্রী বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনের রিটার্নিং অফিসার তথা সাব্রুমের মহকুমা শাসক (SDM) সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি নির্বাচনের প্রস্তুতি, ভোটগ্রহণকারী দলগুলির রওনা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সব মিলিয়ে সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*