গোপাল সিং, খোয়াই, ২৭ নভেম্বর || আসন্ন ‘৯ম নর্থ-ইস্ট মিনি জাম্বোরি’-তে ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হলেন খোয়াই গভর্নমেন্ট হাইয়ার সেকেন্ডারি স্কুল-এর অষ্টম শ্রেণির ছাত্রী জয়শ্রী সূত্রধর। আগামী ১লা ডিসেম্বর থেকে ৫ই ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আগরতলার কুঁজবনস্থিত শহীদ ভগৎ সিং ইয়ুথ হস্টেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জানা গেছে, উক্ত জাম্বোরিতে অংশগ্রহণের জন্য জয়শ্রী সূত্রধর তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে নির্বাচিত হয়েছেন। বিভাগগুলি হলো— মার্চ পাস্ট, ত্রিপুরা স্টেট এক্সিবিশন এবং রাঙ্গোলি প্রতিযোগিতা। জেলা সদর খোয়াইয়ের কৃতী পড়ুয়ার রাজ্যের হয়ে এই মঞ্চে সুযোগ পাওয়ায় বিদ্যালয় ও পরিবারে আনন্দের ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে। এই সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয় বলে উল্লেখ করা হয়েছে। আগামী দিনেও জয়শ্রীর এমন সাফল্যের ধারা অব্যাহত থাকার কামনা করছেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে এলাকার শুভানুধ্যায়ীরা।
