রেগার কাজ বণ্টন নিয়ে বিতর্ক, গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ তিপ্রা মথার, প্রশাসনের আশ্বাসে উঠল অবরোধ

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৮ নভেম্বর || রেগার কাজ বণ্টনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে বিবাদকে ঘিরে উত্তেজনা ছড়াল গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকায়। কাজ বণ্টনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শনিবার সকাল থেকে গন্ডাছড়া-অমরপুর সড়কের গাছবাগান এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন তিপ্রা মথার কর্মী-সমর্থকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, লক্ষ্মীপুর পঞ্চায়েতে রেগার কাজ বণ্টনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। বিজেপির কর্মী-সমর্থকদের তুলনায় তিপ্রা মথার কর্মী-সমর্থকদের কম কাজ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। এই অভিযোগের প্রতিবাদেই শনিবার সকালে সড়ক অবরোধের পথ বেছে নেন বিক্ষোভকারীরা।
অবরোধের জেরে গুরুত্বপূর্ণ গন্ডাছড়া-অমরপুর সড়কের উভয় দিকে আটকে পড়ে বহু যানবাহন। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও পরিবহন ব্যবস্থায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। তবে অবরোধ চলাকালীন বিক্ষোভকারীদের মানবিক দিকও নজরে আসে। জরুরি রোগী নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ করে দেন তাঁরা। গোটা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলে।
খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ব্লক প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত হন স্থানীয় বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এবং এমডিসি খত্রজয় রিয়াং। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে তাঁদের অভিযোগ ও দাবিদাওয়া শোনেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
পরবর্তীতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। অবরোধ উঠে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে গন্ডাছড়া-অমরপুর সড়কে যান চলাচল। তবে রেগার কাজ বণ্টন নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে তৈরি হওয়া এই বিরোধের নিষ্পত্তি শেষ পর্যন্ত কীভাবে হয়, এখন সেটাই দেখার বিষয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*