গোপাল সিং, খোয়াই, ২৮ নভেম্বর || বক্সনগরের আশাবাড়ি সীমান্তে গত ২ নভেম্বর বিএসএফ জওয়ানদের ওপর হামলার ঘটনার পর কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরা পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যে এই ঘটনায় মহিলা সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৭টি অবৈধ বাড়ি ও ২টি দোকান।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন ত্রিপুরা পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) মনচাক ইপ্পার। তিনি জানান, বিএসএফ ও বন দপ্তরের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলির বিরুদ্ধে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দখলদারদের তিনবার নোটিশ পাঠানো এবং বৈধ নথিপত্র দেখানোর সুযোগ দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও কয়েকটি বাড়ি নোটিশের আওতায় রয়েছে বলেও জানান তিনি।
এদিন সাংবাদিক সম্মেলনে আইজি আরও জানান, ২০২১ সালের তুলনায় ২০২৬ সালের পুর নির্বাচনে অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২১ সালে ৬৪টি অভিযোগ জমা পড়লেও এবার তা কমে ২১টিতে দাঁড়িয়েছে। ভোট গণনার দিনও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। পাশাপাশি মাস্ক বাহিনী সংক্রান্ত তদন্ত এবং ত্রিপুরা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে অভিযুক্ত আমির সখিনের মামলার অগ্রগতি সম্পর্কেও তথ্য দেন তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক, এসডিপিও দুলাল দত্ত এবং পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার।
