বলিউডে সাফল্যের পর এবার সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা সৌমী শৈলেশের, আবেগঘন ভিডিও বার্তায় ধন্যবাদ জানালেন ত্রিপুরা, উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গের মিডিয়া ও রাজ্যের কনটেন্ট ক্রিয়েটরদের

গোপাল সিং, খোয়াই, ২৮ নভেম্বর || খোয়াইয়ের মেয়ে সংহিতা দেবনাথ ওরফে সৌমী শৈলেশের বলিউড যাত্রা ঘিরে ত্রিপুরা থেকে জাতীয় স্তর পর্যন্ত সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার। মিডিয়ার ভালোবাসা ও সহযোগিতায় আপ্লুত শিল্পী এক ভিডিও বার্তায় জানালেন আন্তরিক কৃতজ্ঞতা। বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি’-তে ‘মদিরাপান’ গানটির মাধ্যমে প্লেব্যাকের সুযোগ পেয়েছেন ত্রিপুরার এই প্রতিভাবান গায়িকা। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সুরে এবং বিশিষ্ট সংগীতশিল্পী জাভেদ আলীর সঙ্গে কাজ করার এই সাফল্য ইতিমধ্যেই তাঁকে নতুন করে পরিচিতি এনে দিয়েছে। সৌমী শৈলেশের এই অর্জন শুধু খোয়াই কিংবা ত্রিপুরার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাজ্যের প্রায় সমস্ত সংবাদমাধ্যমে তাঁর সাফল্যের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং জাতীয় স্তরের বিভিন্ন সংবাদমাধ্যমেও তাঁর বলিউড যাত্রার খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। সংবাদমাধ্যমের এই আন্তরিক প্রচার, ভালোবাসা ও সহযোগিতায় যে তিনি অত্যন্ত আপ্লুত, তা-ই এবার নিজের ভিডিও বার্তার মধ্য দিয়ে প্রকাশ করলেন সৌমী।
গানের সুর দিয়ে শুরু, কৃতজ্ঞতার আবেদনে শেষ! তাঁর ভিডিও বার্তায় রয়েছে একদিকে সংগীতের আবেগ, অন্যদিকে সংবাদমাধ্যমের প্রতি আন্তরিক সম্মান ও কৃতজ্ঞতা। যাঁরা তাঁর সাফল্যের খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি সৌজন্য প্রকাশ করেছেন তিনি। আগামী দিনেও নিজের সংগীতজীবনের প্রতিটি সাফল্যে সংবাদমাধ্যমের এ ধরনের সহযোগিতা ও ভালোবাসা কামনা করেছেন এই শিল্পী। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, ত্রিপুরা রাজ্যের কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানিয়েছেন সৌমী শৈলেশ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং তাঁর সাফল্যকে মানুষের কাছে তুলে ধরেছেন, তাতে তিনি বিশেষভাবে আবেগাপ্লুত। একজন শিল্পীর সাফল্যের পিছনে থাকে দীর্ঘদিনের সাধনা, পরিশ্রম ও আত্মত্যাগ। কিন্তু সেই সাফল্য যখন সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের ভালোবাসায় আরও বিস্তৃত পরিসরে পৌঁছে যায়, তখন তা শিল্পীর কাছে হয়ে ওঠে আরও বিশেষ প্রাপ্তি। সৌমী শৈলেশের এই ভিডিও বার্তায় সেই অনুভূতিরই প্রতিফলন দেখা গেল। খোয়াইয়ের মেয়ে হিসেবে তাঁর বলিউড সাফল্যে যেমন গর্বিত ত্রিপুরার মানুষ, তেমনই নিজের সাফল্যের আনন্দে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের ভুলে না গিয়ে প্রকাশ্যে কৃতজ্ঞতা জানানোর এই উদ্যোগও প্রশংসনীয়। সৌমী শৈলেশের এই বার্তা যেন শুধু ধন্যবাদ জ্ঞাপন নয়, বরং শিল্পী ও সংবাদমাধ্যমের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং সৌহার্দ্যের এক সুন্দর দৃষ্টান্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*