আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে আগামী ১৭ই এপ্রিল, ২০২২ থেকে রাজ্যে শুরু হচ্ছে ‘ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব-২০২২’। তিনদিন ব্যাপী এই পর্যটন উৎসব চলবে আগামী ১৯শে এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার রাজধানীর গীতাঞ্জলি গেস্ট হাউজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই পর্যটন উৎসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি জানান, দ্বিতীয় এই ‘ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব-২০২২’ অনুষ্ঠিত হবে রাজধানীর উজ্জয়ন্ত প্যালেস প্রাঙ্গনে। তিনদিন ব্যাপী এই মিলন মেলায় এপার বাংলা ও ওপার বাংলার ট্যুর অপারেটর, হোটেল মালিক, পর্যটন আধিকারিক, স্বাধীনতা সংগ্রামী, শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন। তিনি জানান, ১৭ই এপ্রিল থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত ভারত বাংলাদেশের শিল্পী সাহিত্যিকরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন এবং চলবে রকমারি খাদ্য উৎসব।
