আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর || অবশেষে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন। আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অনলাইন বুকিং পেয়ে যাত্রী নিতে আসা এক উবের বাইক চালককে বাধা দেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার অভিযুক্ত এক অটোচালককে আটক করেছে পুলিশ। গতকালের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হওয়ার পরই পুলিশের এই পদক্ষেপ বলে জানা গেছে।
অভিযোগ, বৃহস্পতিবার উবের অ্যাপের মাধ্যমে বুকিং পেয়ে যাত্রী নিতে বিমানবন্দরে যান এক বাইক চালক। সেই সময় একাংশ অটোচালক তাঁকে বিমানবন্দরের আশপাশ থেকে সরে গিয়ে দূরে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার জন্য চাপ দেন এবং হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ঘটনার সময় পুলিশের উপস্থিতি থাকলেও প্রথমদিকে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি যাত্রী নিজে বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন বলেও জানা যায়। ফলে পুলিশের ভূমিকা নিয়েও সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, এমবিবি বিমানবন্দরে অ্যাপ-ভিত্তিক পরিবহণ পরিষেবা ব্যবহার করতে গিয়ে যাত্রী ও উবের চালকদের বাধার মুখে পড়ার অভিযোগ নতুন নয়। এর আগেও বিমানবন্দরের পার্কিং এলাকায় উবের স্কুটার চালককে আটকে দেওয়ার ঘটনা সামনে এসেছিল। একাংশ অটোচালকের বিরুদ্ধে বিমানবন্দর এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার এবং তথাকথিত সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগও উঠেছে।
পরিবহণ পরিষেবায় শৃঙ্খলা ফেরাতে পর্যটন ও পরিবহণ মন্ত্রীর নির্দেশিকা এবং অনিয়মের ক্ষেত্রে পারমিট বাতিলের মতো কঠোর পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে এমন অভিযোগ কেন বারবার সামনে আসছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাজ্যের প্রবেশদ্বার এমবিবি বিমানবন্দরে দেশ-বিদেশের পর্যটক ও যাত্রীদের আগমন ঘটে। সেখানে পরিবহণ পরিষেবা নিয়ে এমন অস্বস্তিকর পরিস্থিতি রাজ্যের পর্যটন শিল্পের ভাবমূর্তির পক্ষেও ক্ষতিকর হতে পারে। তাই শুধু অভিযুক্তকে আটক করাই নয়, বিমানবন্দর এলাকায় যাত্রীদের পছন্দমতো পরিবহণ পরিষেবা গ্রহণের অধিকার নিশ্চিত করা এবং যেকোনও ধরনের সিন্ডিকেট রাজ বন্ধ করতে প্রশাসনের স্থায়ী ও কঠোর পদক্ষেপের দাবি উঠছে।
