গোপাল সিং, খোয়াই, ১৩ নভেম্বর || আগামী ২৭শে নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পুর ও নগর সংস্থা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে আগরতলা পুর নিগম এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ। আজ পূর্ব আগরতলা থানার উদ্যোগে শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এক বিশাল ফ্ল্যাগ মার্চ বা রুট মার্চ পরিচালনা করা হয়। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে এই ফ্ল্যাগ মার্চটি শহরের মঠ চৌমুহনী, কামারপুকুর পাড়, ধলেশ্বর, শিবনগর, চিত্তরঞ্জন রোড, শান্তিপাড়া এবং মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকাগুলো প্রদক্ষিণ করে।
নির্বাচনের প্রাক্কালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নির্বাচনী এলাকাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যেই পুলিশের এই বিশেষ পদক্ষেপ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান যে, আজকের এই ফ্ল্যাগ মার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৭শে নভেম্বরের পুর নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের টহলদারি ও নজরদারি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
