আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর || বক্সনগরের আশাবাড়ি বিএসএফ কাণ্ডে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। রিমান্ড শেষে আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তদের আদালতে পেশ করা হলে শুনানি শেষে ১০ জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আরও ৮ জন অভিযুক্তকে পুনরায় পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি অভিযুক্তদের পরিবারের সদস্যদের আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
রিমান্ড শেষে অভিযুক্তদের আদালতে পেশ করার সময় গোটা এলাকায় কড়া নজরদারি চালায় পুলিশ প্রশাসন। পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেদিকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়।
আশাবাড়ি বিএসএফ কাণ্ডকে ঘিরে এমনিতেই এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য রয়েছে। আদালতের এই নির্দেশের পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে এখন নজর রয়েছে সকলের।
