সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ জানুয়ারি || এক ২৫ বছর বয়সি পাষন্ডের শারীরিক লালসার শিকার ১৪ বছর বয়সি এক নাবালিকা কণ্যা। ঘটনার পর মুঙ্গিয়াকামী থানার পুলিশের তৎপরতায় পুলিশি হেফাজতে ২৫ বছর বয়সি ওই মানুষরূপী পাষণ্ড। ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকার দক্ষিণ মহারানীপুর এলাকায়।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, মুঙ্গিয়াকামী থানা এলাকার দক্ষিণ মহারানীপুর রবি চরণ পাড়া এলাকার বাসিন্দা সমলৌ দেববর্মার ২৫ বছর বয়সি ছেলে অমরজিৎ দেববর্মা দক্ষিণ মহারানীপুর এলাকার ১৪ বছর বয়সি এক নাবালিকা কন্যাকে চলতি মাসের ১৩ তারিখ রাতের অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু ওই নাবালিকা কণ্যার পরিবারের লোকজন ঘটনাটি কোনো এক অজ্ঞাত কারণে এত দিন চেপে রাখলেও ছয় দিন পর বুধবার বিকেলে মুঙ্গিয়াকামী থানার পুলিশের দ্বারস্থ হয়। ধর্ষক অমরজিৎ দেববর্মার নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বুধবার সন্ধ্যা নাগাদই একটি 02/2022 U/C-376 IPC 24 POCSO Act ধারা মূলে মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
উল্লেখ্য, নববর্ষের প্রথম দিন তেলিয়ামুড়া মহাকুমার তেলিয়ামুড়া থানা এলাকায় ধর্ষণের মামলার রেশ কাটতে না কাটতেই পূণরায় চলতি মাসেরই ১৯ তারিখ একই মহাকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকায় আবারো এক ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ হওয়ায় মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে।
